কক্সবাজারে ১৭ ডিসেম্বর থেকে বিচ কার্নিভাল

কক্সবাজারে জমকালো আয়োজনে আগামী ১৭ ডিসেম্বর থেকে ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ কার্নিভাল। সাত দিনব্যাপী এ আয়োজনে থাকবে বর্ণিল আয়োজন।

 

কক্সবাজারে ১৭ ডিসেম্বর থেকে বিচ কার্নিভাল

 

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় কার্নিভাল সফল করার লক্ষ্যে আলাদা আলাদা উপকমিটি গঠন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দি বলেন, বিচ কার্নিভালের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। আমরা নতুন নতুন আইডিয়া নিচ্ছি, যাতে কার্নিভাল উৎসবমুখর হয়। তিনি আরও বলেন, অতীতের কার্নিভালের চেয়ে এবার আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। কার্নিভালে তুলে ধরা হবে কক্সবাজারের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য। পর্যটনশিল্প বিকাশই আমাদের মূল লক্ষ্য।

 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, রেস্তোরাঁ মালিক সমিতির সহসভাপতি কামরুল ইসলাম, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার উইমেন চেম্বারের মনোয়ারা পারভীন ও সমন্বয়ক রবিউল আলম। বক্তারা কার্নিভাল সফল করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, বিচ কার্নিভাল ঘিরে কক্সবাজার শহরকে বর্ণিল সাজে সাজানো হবে। মেলায় থাকবে ২ শতাধিক স্টল। হোটেল মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান পর্যটক টানতে দেওয়া হবে বিশেষ ছাড়।

ইতোমধ্যে কক্সবাজারের রেস্তোরাঁ ব্যবসায়ীরা কার্নিভাল উপলক্ষ্যে পর্যটকদের ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া সাত দিনের কার্নিভালে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবলসহ থাকবে নানা আয়োজন।

Leave a Comment